‘কিউইসিটি ১০০ ইয়াং লিডারস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ৪ বাংলাদেশির নাম
Four Bangladeshis selected for the Qwicity 100 Young Leaders Awards 2026
ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘কিউইসিটি ১০০ ইয়াং লিডারস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশ থেকে চার তরুণ নেতাকে বেছে নেওয়া হয়েছে।
রানী দ্বিতীয় এলিজাবেথ ট্রাস্ট (কিউইসিটি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে কঠোর প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ১০০ জন তরুণ চেইঞ্জমেকারকে সম্মানিত করা হয়েছে।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে পুরস্কারপ্রাপ্তরা হলেন- ফুটস্টেপস বাংলাদেশের শাহ রাফায়াত চৌধুরী, টিচ ফর বাংলাদেশের মুনিয়া ইসলাম মজুমদার, ফার্ম সলিউশন বিডির ইমরান হামিন ও ইকো সেন্টিনেলস বাংলাদেশের মো. রেজওয়ানুল ইসলাম শুভ।
শিক্ষা ও কর্মসংস্থান যোগ্যতা, পরিবেশ, খাদ্য ও কৃষি, স্বাস্থ্য এবং সামাজিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণ উদ্যোগের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
উদ্যোগটি রানী দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকীকে স্মরণ করে আয়োজন করা হয়েছে, যা তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে সম্প্রদায়কে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ গঠনে তার দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে প্রতিফলিত করে।
কিউইসিটি জানায়, পুরস্কারপ্রাপ্তরা তাদের প্রভাব আরও বিস্তৃত করতে সক্ষমতা উন্নয়নমূলক কর্মসূচি, বৈশ্বিক নেটওয়ার্কিং সুযোগ ও বিশেষভাবে পরিকল্পিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের কাজ কমনওয়েলথের অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের অভিন্ন মূল্যবোধকে প্রতিফলিত করে।
তিনি আরও বলেন, এই তরুণদের অর্জন তাদের শক্তির ওপর প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অটল বিশ্বাসকে সম্মান জানায়, যা একটি উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়ক।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
