বজ্রাঘাতে নিহত কিশোর - সন্তানের মরদেহ চুরির আতঙ্কে ঋণ করে পাহারাদার নিয়োগ, রাত জাগছেন বাবা

Apr 22, 2026 - 14:51
May 5, 2026 - 19:57
 0  10
বজ্রাঘাতে নিহত কিশোর  - সন্তানের মরদেহ চুরির আতঙ্কে ঋণ করে পাহারাদার নিয়োগ, রাত জাগছেন বাবা
সন্তানের কবরের পাশে রাত জাগছেন বাবা। কামারখাড়া সামাজিক কবরস্থান। ছবি: চ্যানেল 24

রাতের অন্ধকারে কবর থেকে প্রিয় সন্তানের মরদেহ চুরি হয়ে যেতে পারে- এমন চরম শঙ্কা ও দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে এক বাবাকে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রাঘাতে নিহত কিশোর আরাফাতের মরদেহ রক্ষায় গত ৬ দিন ধরে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন তার বাবা জসিম খাঁন। এমনকি অভাবের সংসারে মানুষের কাছ থেকে ঋণ করে লোক রেখেও পাহারার ব্যবস্থা করেছেন তিনি।

সরেজমিনে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা গেছে, বজ্রাঘাতে সদ্য প্রাণ হারানো কিশোর আরাফাতের কবরের পাশে বসে রাতে পাহারা দিচ্ছেন বাবা জসিম খাঁন।

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মুন্সিগঞ্জে আকস্মিক বজ্রাঘাতে প্রাণ হারানোর পর থেকে সন্তানের কবর অক্ষত রাখা এবং লাশ চুরির শঙ্কা থেকেই ছেলের কবরের পাশে বসে থেকে কবর পাহারা দিচ্ছেন বাবা।

এর আগে, বজ্রাঘাতে নিহত আরাফাত খাঁনকে স্থানীয় সামাজিক এই কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়রা জানান, দাফনের পর থেকেই প্রতিরাতে লাশ চুরির শঙ্কায় কবর পাহারা দিচ্ছে তার বাবা ও অন্যান্য লোকজন। তবে নিহত কিশোরের পরিবার জানায়, কবরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে এমন উদ্যোগ নিয়েছেন তারা।

মৃত আরাফাতের বাবা জসিম খান বলেন, আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। অনেকের মুখে শুনেছি, বজ্রাঘাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। আমরাও এমন কিছু ঘটনার কথা জেনেছি। সেই ভয় থেকেই কবর পাহারা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমি অসুস্থ মানুষ, সবসময় থাকতে পারি না। ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। নিজের সংসারই ঠিকমতো চালাতে পারছি না, তবুও ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করত, তাহলে কিছুটা শান্তি পেতাম।

বিপু মাতব্বর নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, কিছু দুষ্কৃতিকারী আমাদের এলাকা থেকে প্রায়ই মরদেহ চুরি করে নিচ্ছে। বজ্রাঘাতে মারা গেলে ওই মরদেহের দাম নাকি অনেক বেশি। যার কারণে সেই ভয় আশংকা থেকেই পরিবারটি রাত জেগে তাদের সন্তানের লাশ পাহারা দিচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বজ্রাঘাতে কেউ মারা গেলে তার লাশ চুরি হয় এমনই আশঙ্কা থেকেই রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছে নিহত কিশোরের বাবা। আমরা স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি, যাতে সদ্য সন্তান হারানো পরিবারটি এমন মানসিক চাপ থেকে মুক্তি পায়।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক উল্লেখ করে, বজ্রাঘাতে প্রাণ হারানো কিশোরের পরিবারের সঙ্গে কথা বলে, সব ধরনের সহযোগিতা করা ও কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। 

রাত জেগে সন্তানের কবর পাহারা দেয়ার বিষয়ে মঙ্গলবার রাতে খবর পাওয়ার পরে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসারকে পাঠিয়ে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক সার্বিক খোঁজ নেয়া হয়েছে। সদ্য সন্তান হারানো পরিবারটির পাশে থেকে সহযোগিতার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রাঘাতে আরাফাত খান নামে এক যুবক এবং রিজান ঢালী নামে এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া একই দিনে সিরাজদিখানে বজ্রাঘাতে প্রাণ গেছে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আইসক্রিম বিক্রেতা আব্দুল আজিজ মৃধা নামের এক ৬৫ বছরের বৃদ্ধর।

সূত্র: শুভ ঘোষ, চ্যানেল টুয়েন্টি ফোর। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0