চাঁদপুর সদর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
চাঁদপুর সদর, ২ জুলাই ২০২৪: চাঁদপুরে এক হৃদয়বিদারক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কদ্দিপাঁচগাঁও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
নিহতরা হলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুর রব তপদার (৬০) এবং তার ছেলে শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী সায়েম তপদার (২৩)। তারা কদ্দিপাঁচগাঁও এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে ও নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রব তপদার তাদের বাড়ির কাছে রেললাইনের পাশের একটি বিলে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে পার্শ্ববর্তী একটি দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের একটি বৈদ্যুতিক ক্যাবল ছিঁড়ে পানিতে পড়ে ছিল। অসাবধানতাবশত আব্দুর রব তপদার সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে একটি ছোট মেয়ে তার ছেলে সায়েমকে খবর দেয়। দূর থেকে বাবার এমন করুণ অবস্থা দেখে সায়েম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং বিপদ না জেনে বাবাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম জানান, তার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়, তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, মরদেহ দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
