নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার: চাঁদপুরে চাঞ্চল্য

Jul 6, 2025 - 16:00
 0  8
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মেঘনা থেকে যুবকের মরদেহ উদ্ধার: চাঁদপুরে চাঞ্চল্য

শনিবার (৫ জুলাই) চাঁদপুরের মেঘনা নদী থেকে মো. ফরহাদ জুয়েল (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া গেল। জুয়েল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামের মো. আবুল হাশেমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ফরহাদ জুয়েল শুক্রবার (৪ জুলাই) সকালে বাড়ি থেকে বের হয়ে এখলাসপুর বকুলতলা এলাকায় যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। জুয়েলের মা সুফিয়া বেগম জানান, তার ছেলে শাহ আলম মেম্বারের কাছে গিয়েছিল। তবে ইউপি সদস্য শাহ আলম এই সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছেন।
একই দিন রাত ৮টার দিকে হাসিমপুর গ্রামের রুহুল আমিনের সঙ্গে নয়ানগর বটতলায় দেখা হয় জুয়েলের। রুহুল আমিন জানান, জুয়েল তাকে বাজারে গিয়ে চা খেতে খেতে কথা বলার প্রস্তাব দেন। তারা দুজনেই মোটরসাইকেলে বাজারের দিকে রওনা দেন। তবে এখলাসপুরের নুরু মিয়া রাজার সঙ্গে দেখা হলে জুয়েল থেমে যান এবং রুহুল বাজারে পৌঁছালেও জুয়েল আর আসেননি। নুরু মিয়া রাজা বলেন, জুয়েল তাকে জানিয়েছিল যে সে মনির হোসেন গাজীর ছেলে সজিবের কাছে বালুর টাকা নিতে যাচ্ছে। তবে সজিব এই আর্থিক লেনদেন বা জুয়েলের সঙ্গে তার দেখা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এদিকে, শনিবার ভোরে পাঁচানী স্কুলের পাশে জুয়েলের ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। ওই দিন দুপুরে জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতি পাওয়া গেছে এবং নজরুল, জাহিদুল ও মনির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0